
ডিসেম্বরের চেয়ে তুলনামূলকভাবে প্রভাবশালী শৈত্যপ্রবাহ আসতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। ওই সময় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। শনিবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
চলছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ, এর প্রভাবে তীব্র শীতে কাঁপছে দেশ। আগামী দু’তিন দিনের মধ্যে এ প্রভাব কেটে যেতে পারে। তবে আগামী ২৭ থেকে ২৮ ডিসেম্বরের দিকে আবার নতুন করে শৈত্যপ্রবাহ হতে পারে বলে মনে করে করছেন, আবহাওয়াবিদরা।
এ বিষয়ে এক আবহাওয়াবিদ বলেন, ‘২৫ ডিসেম্বরের দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর রাতের তাপমাত্রা কমে যেতে পারে। সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে মৃদু আকারে শৈত্যপ্রবাহও আসতে পারে।
এদিকে, হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। অন্যান্য সময় যেখানে ১০০ থেকে দেড়শ শিশু হাসপাতালে ভর্তি হয়, গত ৪ দিনে তা দাঁড়িয়েছে প্রায় ৪শ তে। আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা স্বাভাবিক হতে আরও সময় লাগবে ২-৩ দিন।



