
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিবৃতিতে থার্টি ফার্স্ট নাইট ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিনে উন্মুক্ত স্থানের পাশাপাশি বাড়ির ছাদেও গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ডিএমপি সদর দপ্তরে একথা জানানো হয়।
আরও জানানো হয়, থার্টি ফার্স্ট নাইটে রাজধানী ঢাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে ও বাড়ির ছাদে গান-বাজনা ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করা হয়েছে। যে কোনো ধরনের ডিজে পার্টি নিষিদ্ধ থাকবে। এছাড়া থার্টি ফার্স্ট নাইটে আইডি কার্ড ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
আর গাড়ি প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার থাকতে হবে এবং শাহবাগ ও নীলক্ষেত এলাকা দিয়ে প্রবেশ করবে।
এদিকে, বড় দিন উপলক্ষেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি, এর মধ্যে থাকছে প্রত্যেকটি চার্চে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। চার্চ এলাকায় ভাসমান দোকান বা হকার বসতে দেওয়া হবে না।
এছাড়া, কোনো প্রকার ব্যাগ ও ব্যাগপ্যাক নিয়ে চার্চে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।



