কানাডায় পিঠা উৎসব অনুষ্ঠিত

কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরি শহরে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নিজেদের মধ্যে পরিচয় ও সংহতি বাড়াতে কানাডায় বসবাসরত রংপুরের অধিবাসীরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই ছিল শিশুদের জন্য ছবি আঁকার প্রতিযোগিতা। এই পর্বের সার্বিক দায়িত্বে ছিলেন প্রবাসী নুরে আলম। এরপর শুরু হয় ঘরোয়াভাবে নিজেদের হাতে বানানো পিঠা উৎসব।
ভাপা পিঠা, নুনাশ পিঠা, পাটিসাপটা, তেল পিঠা, দুধ পিঠা, ফুলঝুরি ছাঁচের পিঠা, পাকন পিঠা, ঝাল পিঠা, নারকেল পুলিসহ বিভিন্ন রকমের পিঠার আয়োজন ছিল উৎসবে। পিঠা খা্ওয়ার পর শুরু হয় পরিচিতি পর্ব। এই পর্বের দায়িত্বে ছিলেন প্রবাসী জুয়েল।
অনেকেই নিজের স্মৃতি রোমন্থন করে পর্বটিকে উপভোগ্য করে তোলেন। এরপর প্রবাসী অমিয় এর পরিচালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছোটদের নাচ, গান ও ছড়ায় ছিল মুনতাহা, রাহমা, সুমাইতা, নাশোয়ান। বড়দের নাচ ও গানে ছিলেন লাবিবা, নক্ষত্র, অমিয়, রুবিনা, ওয়াহিদ ও রংপুরের জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী খালিদা নাছরিন বাণী।



