মদীনায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবের মদীনা থেকে দুইশ’ কিলোমিটার দূরে আল হামিনাহ নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার পাঁচ বাংলাদেশি নিজেদের ব্যক্তিগত গাড়ীতে করে মদীনা থেকে জেদ্দা যাওয়ার সময়, আল হামিনাহ নামক স্থানে এই দুর্ঘটনার শিকার হন। এসময় আহত হন আরও ৩ জন। বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার প্রথম সচিব কে এম সালাহ উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হতাহতদের পরিচয় প্রকাশ করেছেন।
নিহতরা হলেন, নারায়নগঞ্জ জেলার বন্দর থানার বন্দর ঝাউতলা গ্রামের সালাহ উদ্দিনের ছেলে ফাহিম এবং একই জেলার বাজুরবাগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ। আহতরা হলেন, নারায়ণগঞ্জের বন্দর থানার হানিফা, মতিউর রহমান এবং সেলিম।
আহতরা আল হামিনাহ এবং কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট হতাহতদের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় আইনি পরামর্শ ও সহায়তার দেয়ার কথা জানিয়েছে।



