সন্ধ্যায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে

আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৩৯টি পদ এখনো শূন্য রয়েছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় গনভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে।
গঠনতন্ত্র অনুসারে, কেন্দ্রীয় নির্বাহী সদস্যের পদগুলো সভাপতিমণ্ডলীর পরামর্শে পূরণ করবেন দলের সভাপতি শেখ হাসিনা। গেলো শনিবার আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৪২টি পদে নেতা নির্বাচন করা হয়েছে।
এখনো সম্পাদকমণ্ডলীর ১০টি, কোষাধ্যক্ষ ও নির্বাহী কমিটির ২৮টি পদ শূন্য আছে। অর্থাৎ আরও ৩৯টি পদ পূরণ করতে হবে। নতুন কমিটিতে এখন পর্যন্ত শাজাহান খান ও মেহের আফরোজ প্রথমবার স্থান পেয়েছেন। তবে আওয়ামী লীগের নতুন কমিটির এখন পর্যন্ত ঘোষিত তালিকায় তরুণদের জায়গা হয়নি।
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ ছাড়া সম্পাদকমণ্ডলী থেকে বাদ পড়া নেতাদের কেউ কেউ শূন্য পদে ফিরে আসছেন কি না, সেটাও আলোচনায় আছে।



