
বিশ্বমানবের মঙ্গল এবং দেশ ও জাতির জন্য শান্তি প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আচার-অনুষ্ঠান শুরু হয়। প্রকৃত মানুষ হয়ে বেড়ে ওঠার পাশাপাশি সকলের মধ্যে মানবতা বোধ জাগ্রত হবে এমন প্রত্যাশার কথা জানালেন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, পৃথিবীতে সুখ শান্তি বজায় থাকবে এমন প্রার্থনা সবার।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। আজকের দিনে যিশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মের অনুসারীরা যিশু খ্রিস্টের এই জন্মতিথি উদযাপন করেন। বড়দিন ঘিরে কাকরাইল চার্চসহ বিভিন্ন গির্জায় সাজানো হয়েছে ক্রিসমাস-ট্রি।
সকালে রাজধানীর হলি রোজারিও চার্চে প্রার্থনা শেষে সকলের মধ্যে মানবতা বোধ জাগ্রত হবে এমন প্রত্যাশার কথা জানান কার্ডিনাল ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও।
বড়দিনের আনন্দ সবাই ভাগাভাগি করতে অনেকেই পরিবার পরিজন নিয়ে আসে উপাসনালয়ে। তাই উৎসবের এ আমেজে দেখা যায় গীর্জা প্রাঙ্গণে। এসময় নিজেদের ও পরিবারের শান্তি প্রার্থনা করেন তারা।
এছাড়াও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকালে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালে হয় বড় দিনের প্রার্থনা। সৃষ্টিকর্তার মহিমা প্রচার ও মানব জাতির কল্যানে প্রার্থনা করা হয়।
বাংলাটিভি/শহীদ



