প্রধানমন্ত্রীবাংলাদেশ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহবান

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় বিমানবাহিনীকে আরো আধুনিক করে গড়ে তুলে সফলতার শিখরে নেয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার  যশোরে বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০১৯ এর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

যশোর বিমান বাহিনী একাডেমীতে বাংলাদেশ বিমান বাহিনীর ৭৬তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে  যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে,প্রধানমন্ত্রী বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের প্যারেড পরিদর্শন করেন।  এসময় বিমান বাহিনীর নবীন সদস্যদের সালাম ও অভিবাদন গ্রহণ করেন তিনি।

এরপর, কমিশন পাওয়া ৩০ জন মহিলা ক্যাডেটসহ মোট ১০৪ জন ক্যাডেট কর্মকর্তাকে ফ্লাইং ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

নি:স্বার্থভাবে দেশের সেবার পাশাপাশি বাহিনীর চেইন অব কমান্ড মেনে চলতে নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

অত্যাধুনিক বিমান বাহিনী গঠনে বর্তমান সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে এজন্য  আধুনিক যুদ্ধ বিমান ও সমরাস্ত্র, কেনাসহ আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান সরকার প্রধান।

এ সময়, বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত দেশের কাতারে নিয়ে যেতে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button