
গাইবান্ধা-৩ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার মারা গেছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অসুস্থতাজনিত কারণে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাদুল্যাপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান শাহারিয়ার খাঁন বিপ্লব জানান, ডা. ইউনুস আলী সরকার দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. ইউনুস আলী সরকার গাইবান্ধা-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের টানা দুইবারের এমপি। তিনি সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদিকে বিপুল ভোটে পরাজিত করে এমপি নির্বাচিত হন তিনি।



