জমে উঠেছে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে জমে উঠেছে প্রধান দুই দলের প্রচার-প্রচারণা। আওয়ামীলীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপি প্রার্থী আবু সুফিয়ান, বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মাঝে তেমন আগ্রহ না থাকলেও,দুই হেভিওয়েট প্রার্থীই চষে বেড়াচ্ছেন পুরো নির্বাচনী মাঠ।
এ নির্বাচনে ভোটারদের কাছে টানতে দুই প্রার্থীই, প্রধান ইস্যু বানিয়েছেন বোয়ালখালীর দুঃখ খ্যাত, প্রাচীন কালুরঘাট সেতুকে।
চট্টগ্রামে গত দুদিনের বৈরি আবহাওয়ার মধ্যেও চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনের দুই প্রার্থী বোয়ালখালী ও চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ এলাকায় নেতাকর্মীদের নিয়ে উঠোন বৈঠক, কর্মীসভা,পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচাণা চালিয়ে যাচ্ছেন।
দুই প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছেন উভয় রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও। এ ছাড়া নির্বাচন উপলক্ষে এলাকার অলি গলি ছেঁয়ে গেছে ব্যানার ফেস্টুন আর পোষ্টারে।
তবে যে দলের প্রার্থীই বিজয়ী হোক ভোটারদের প্রত্যাশা এবার যেন অন্তত, কালুরঘাট সেতুর নির্মাণ কাজ বাস্তবায়িত হয়। এদিকে আওয়ামীলীগ প্রার্থী মোসলেম উদ্দিন নিজের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
অপরদিকে নির্বাচনে ইভিএম নিয়ে অভিযোগ থাকলেও, বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন এখনো নির্বাচনী মাঠের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।
জাসদ নেতা মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শুন্য হওয়া এ আসনে আগামী ১৩ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আবু মুছা জীবন, চট্টগ্রাম



