দেশবাংলা

উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি বালিয়া গ্রামে

স্বাধীনতার এতো বছরেও কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার বালিয়া গ্রামে। এ গ্রামের দু’পাশে বিল আর ফসলি জমির ক্ষেত। বছরে ৬ মাস পানি বন্দি থাকে এ গ্রামের মানুষ। রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসাসেবাসহ সব ধরণের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তারা।

২০১১ সালের আদম শুমারী অনুযায়ী টাঙ্গাইলের বাসাইল উপজেলার বালিয়া গ্রামের জনসংখ্যা ছিল ১ হাজার ৩শ ৩৯ জন।

উপজেলা সদর থেকে এ গ্রামের দূরত্ব ৫ কিলোমিটার হলেও, প্রায় ১৫ কিলোমিটার ঘুরে যেতে হয় তাদের। নেই কোন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র। গর্ভবতী মায়েদের এক মাস আগে থেকেই উপজেলা বা জেলা হাসপাতালে রাখতে হয় সম্ভাব্য বিপদ এড়াতে। আর সবসময় প্রতিকুল পরিবেশের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় এ গ্রামের মানুষগুলোকে।

তবে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম  বলছেন, কিছুদিনের মধ্যেই ওই গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করবে। আর আগামী দুই বছরেই পাল্টে যাবে এলাকার চিত্র।

উপজেলার সবচেয়ে বেশি শ্রমজীবী মানুষ দেশের বাইরে রয়েছেন এ গ্রাম থেকে। প্রচুর বৈদেশিক রেমিটেন্সও আসে। অথচ তারা বঞ্চিত সকল প্রকার সরকারি সুবিধা থেকে। এ অবস্থার অবসান হবে দ্রুতই এমন প্রত্যাশা সকলের।

মো: রুবেল মিয়া বাসাইল ও সখীপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button