বিনামূল্যে দেশে ফেরার কার্যক্রম বন্ধ

সৌদি আরবে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমায় বিনামূল্যে দেশে ফেরার কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। এখন থেকে বেসরকারি কোম্পানির মাধ্যমে নির্দিষ্ট ফি দিয়ে দেশে ফিরতে হবে তাদের।
রোববার এ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সৌদি আরবে ওয়ার্ক পারমিট, আকামার মেয়াদ শেষ হওয়ায় দেশটিতে এখন বহু বাংলাদেশি অবৈধ হয়ে পড়েছেন। সৌদি সরকারের সাধারণ ক্ষমায় তাদের দেশে ফেরার সুযোগ সৃষ্টি হয়।
বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিনামূল্যে প্রবাসীদের এ সুযোগ পাওয়ার কথা থাকলেও, হঠাৎ করেই এ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এতে অসহায় হয়ে পড়েছেন বাংলাদেশিরা। আর দূতাবাস বলছে,সৌদি আরব সরকারের কারণে এ সিদ্ধান্ত তাদের নিতে হয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠান ইডিসির সেবা কেন্দ্রের মাধ্যমে এখন দেশে ফেরার কার্যক্রম চালাতে হবে প্রবাসীদের। এজন্য ২০ রিয়াল পর্যন্ত অর্থ জনপ্রতি গুনতে হবে বলেও জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।



