লেবাননে চলছে পাসপোর্ট নবায়নের সুযোগ

লেবাননে মেশিন রিডেবল পাসপোর্ট নবায়নের সুযোগ পেয়ে বৈরুত দূতাবাসে ভীড় জমিয়েছেন পাসপোর্ট বিহীন অবৈধ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। সোমবার সকাল থেকেই পাসপোর্টবিহীন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি দূতাবাসের সামনে ভিড় জমান।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার ঘোষণা দেন, লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ৩০ ডিসেম্বর থেকে, নিয়োগকর্তা, কফিল কিংবা আমেল আমের কাছে মূল পাসপোর্ট আটকা পড়াদের, বিশেষ ব্যবস্থায় মেশিন রিডেবল পাসপোর্ট নবায়নের সুযোগ দেয়া হবে।
এই দৃশ্য দেখে যে কারো মনে হতে পারে যে, প্রবাসে কনসার্ট বা খেলা উপভোগ করতে প্রবাসী বাংলাদেশিরা ভিড় জমিয়েছেন। তবে, এটি লেবাননের পাসপোর্টবিহীন অবৈধ কয়েক হাজার প্রবাসীর মেশিন রিডেবল পাসপোর্ট পেতে দূতাবাসের সামনে ভিড় করার দৃশ্য।
দূতাবাস আগেই ঘোষণা দিয়েছিল যে, ৩০ ডিসেম্বর থেকে পাসপোর্ট নবায়ন কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। প্রথমদিন অনেক প্রবাসী একসাথে দূতাবাসে ভীড় করলে, কয়েকহাজার প্রবাসী বাংলাদেশির ভিড় সামলাতে দূতাবাসের কর্মকর্তাদের বেগ পেতে হয়।
দূতাবাসে মেশিন স্বল্পতা ও স্বল্প জনবলের কারনে সকল প্রবাসীকে একসাথে দূতাবাসে ভীড় না করতে আহবান জানান, রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
পাসপোর্টের জন্য আবেদন করতে আসা অবৈধ প্রবাসীরা পাসপোর্ট নবায়নের সুযোগ পেয়ে, আনন্দ প্রকাশের পাশাপাশি, তাদের সে দেশে বিভিন্ন সমস্যার কথা জানান। যে সকল প্রবাসী দূতাবাসে পাসপোর্টের জন্য আবেদন করতে পেরেছেন, তারা রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



