পর্যটকদের পদভারে মুখরিত কক্সবাজার

পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এখন পর্যটকদের পদভারে মুখরিত। পর্যটকরা রীতিমত উল্লাস করে পার করছেন তাদের নান্দনিক সময়গুলো। তাদের বরণ করে নিতে হোটেল মোটেলগুলো সেজেছে নানা রংয়ে।
তারকা মানের হোটেলগুলোতে থাকছে অভ্যন্তরীন নানা আয়োজন। অন্যদিকে তাদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ট্যুরিষ্ট পুলিশ।
একদিকে শীতের আমেজ অন্যদিকে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ। প্রকৃতি আর সময়ের এত মধুর আয়োজন একসাথে উপভোগ করা এ যেন এক অন্যরকম অনুভূতি। তাই তো সবাই দলবেধেঁ ছুটছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে।
সমুদ্র সৈকত ছাড়াও দর্শনার্থীরা শহরের অন্যান্য স্থানে ভ্রমণ করে পার করছেন অবারিত সময়। প্রশাসনের অনুমতি না মেলায়, সৈকতে থাকছে না উন্মুক্ত কোন আয়োজন। তবে, তারকা মানের হোটেলগুলোতে অবস্থান করা পর্যটকদের বাড়তি আনন্দ দিতে থাকছে নানা আয়োজন।
থার্টিফাস্ট নাইটকে ঘিরে প্রচুর পর্যটক কক্সবাজার ভ্রমণে আসায়, খুশি এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটকদের আনন্দময় ভ্রমণ আর নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।
পুরাতন বছরের ক্লান্তি ভুলে নতুন বছর বয়ে আনুক অনাবিল প্রশান্তি, আগামীর সূর্যোদয় হোক এক নতুন আলোকিত বাংলাদেশ। এমন প্রত্যাশা সকলের।
আমিনুল হক আমীন, বাংলা টিভি, কক্সবাজার



