দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ফলে কনকনে শীত নেমেছে উত্তরাঞ্চলের রাজশাহী, দিনাজপুর ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায়।
তীব্র শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। গত কয়েকদিন থেকে দিনভর বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ ও অব্যাহত কুয়াশার কবলে পড়ে অতিষ্ঠ এ অঞ্চলের মানুষ।
মঙ্গলবার ভোর ৬ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও, ৩ ঘন্টার ব্যবধানে সকাল ৯টায় কমে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। ঠান্ডায় সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছেন গাইবান্ধার ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘট নদী বেষ্টিত ১শ ৬৫টি চরাঞ্চলের মানুষ। ঘন কুয়াশায় অনেক জায়গায় বোরো ধানের বীজতলা নষ্ট হতে চলেছে।
এছাড়াও ঘন কুয়াশায় প্রতিদিনই উড়োজাহাজ ওঠানামা,সড়ক ও নৌ-যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বরিশালের আগৈলঝাড়ায় ঠান্ডা জনিত নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৫ মাসের শিশু আশফিয়া আক্তারের মৃত্যু হয়েছে।



