লেবাননে বাংলাদেশিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

লেবাননের বৈরুত দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের জন্য বিনামূল্যে ১২তম চিকিৎসা সেবা উদ্বোধন করেছেন, রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। গত রোববার দূতাবাসের হলরুমে দিনব্যাপী প্রায় ৩০০ প্রবাসীকে এ সেবা দেওয়া হয়। পরে তাদের বিনামূল্যে বিভিন্ন ধরনের ঔষধ দেয়া হয়।
লেবাননের বৈরুত দূতাবাসে, একজন সার্জন ও ৪ জন প্যারামেডিকসসহ ২৪ জন ইউনিফিল সদস্যের সহায়তায়, প্রায় ৩০০ প্রবাসীকে এই চিকিৎসা সেবা দেয়া হয়। বৈরুত দূতাবাসের উদ্যোগে এবং ইউনিফিলে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিমের সহায়তায় প্রবাসীদের বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিম অসুস্থ প্রবাসীদের পরামর্শ প্রদান শেষে, বিনামূল্যে বিভিন্ন ধরনের ঔষধও সরবরাহ করেন। কয়েকজন অসুস্থ প্রবাসীর সাথে আলাপকালে জানা যায়, দূতাবাসের এই মহৎ উদ্যোগে তারা খুবই আনন্দিত। তারা দূতাবাসের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকারের প্রতি ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



