
ঢাকার মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে অবহেলার অভিযোগ ৩০ দিনের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই নির্দেশ দেয়া হয়।
গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে বিচারপতি এন ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ ওই আদেশ দেন।
প্রায় ১২ বছর আগে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউ এর জন্য আটটি অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর মেশিন কেনা হয়।
আইসিইউর জন্য অতি প্রয়োজনীয় এই যন্ত্রগুলোর প্রত্যেকটি ৭০ লাখ টাকায় কেনা হলেও আশ্চর্যজনকভাবে একবারের জন্যও সেগুলো ব্যবহার করা হয়নি।



