ইরাকে বাংলাদেশিদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ

ইরাকে বাংলাদেশিদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে, বাংলাদেশ দূতাবাস। মার্কিন ড্রোন হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনায়, বাংলাদেশ দূতাবাস থেকে এ নির্দেশ দেয়া হয়।
ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রধান মো. অহিদুজ্জামান লিটন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকের চলমান অস্থিতিশীল পরিবেশের কথা বিবেচনা করে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরাকে সব বাংলাদেশিকে প্রয়োজন ছাড়া, কর্মস্থল ও বাসস্থান ব্যতীত যেখানে-সেখানে যাতায়াত, সভা-সমাবেশ ও গোলযোগপূর্ণ পরিবেশ এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
প্রবাসীদের কনস্যুলার সেবা দেয়ার জন্য দূতাবাস সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলেও, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার গাড়িতে করে বাগদাদ বিমানবন্দর ত্যাগ করার সময়, মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলাইমানি। এতে নিহত হন আরও সাতজন। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হামলা চালানো হয়েছে।



