
কয়েকদিনের বৃষ্টির কারণে সারাদেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। শনিবারের তুলনায় আজ (রোববার) সারাদেশে তাপমাত্রা কমেছে গড়ে তিন ডিগ্রি সেলসিয়াস। রাতের মধ্যে তাপমাত্রা আরও এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।
শনিবার ঢাকায় সূর্য উঠলেও আজ আবারও বিরাজ করছে মেঘলা আকাশ। ঢাকার বাইরে কোথাও কোথাও সূর্য ওঠেনি। বরং কোনও কোনও এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। সোমবারও আবহাওয়া একইরকম থাকতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
এদিকে, চলতি সপ্তাহের শেষে ফের আসছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এই তাপমাত্রা ছিল দিনাজপুরে ১২ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া, ঢাকায় আজ ১৬ দশমিক ৩, যা শনিবার ছিল ১৭, ময়মনসিংহে আজ ১৫ দশমিক ২, শনিবার ছিল ১৪ দশমিক ২ সেলসিয়াস। চট্টগ্রামে আজ তাপমাত্রা কিছুটা বেড়েছে, সেখানকার আজকের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলেসিয়াস।



