
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ টাকার মধ্যে আপাতত ১৩৮ কোটি টাকা পরিশোধ করতে মোবাইল অপারেটর কোম্পানি রবি অজিয়াটাকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত টাকার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে গ্রামীণ ফোনের মামলায় আপিল বিভাগের আদেশটি আমলে নিয়েছেন।
আগামী ৫ মাসের মধ্যে ৫ কিস্তিতে এ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় বিটিআরসি যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে আদেশ দিয়েছেন আদালত। যদিও রবির কাছে ৮৫৭ কোটি টাকা পাওনা দাবি করেছিল বিটিআরসি।
আদালতে রবির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও ব্যারিস্টার কাজী এরশাদুল আলম। অন্যদিকে বিটিআরসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।



