চলতি বছর হজে যাবেন ১ লাখ ৩৭ হাজার বাংলাদেশি

চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাবেন ১ লাখ ৩৭ হাজার ১শ ৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১শ ৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম এবং রত্না আহমেদ অংশ নেন। বৈঠক থেকে জানানো হয়, ২০২০ সালে হজ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য, হজ ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।
এ বছর শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন মক্কা রুটের মাধ্যমে ঢাকায় সম্পন্ন করার উদ্যোগ নেয়া হচ্ছে। হজযাত্রীদের আরও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে, হজ মেডিক্যাল টিমে সহায়ক হিসেবে মেডিক্যাল ডিপ্লোমা সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেয়ার সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে প্রতিটি সংসদীয় আসনে মসজিদের সংস্কারের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে বার্ষিক ১০ লাখ টাকা, মাদ্রাসার জন্য ৫ লাখ টাকা এবং মন্দিরের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রাখার সুপারিশ করেছে কমিটি ।



