ইরাকে বাংলাদেশি কর্মীদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ প্রকাশ

ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে বাংলাদেশ নিরপেক্ষ হলেও, ইরাকে প্রবাসী কর্মীদের নিয়ে উদ্বেগ কথা জানালেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার রাজধানী ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন আন্তর্জাতিক উপ-কমিটির সভা শেষে সাংবাদিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ইরাক প্রবাসী বাংলাদেশিদের অবস্থা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা যথেষ্ট উদ্বিগ্ন। আমরা কনটিনিউয়াসলি খবর নিচ্ছি। আমাদের প্রায় তিন লাখ শ্রমিক ইরাকে আছেন। তারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন।
যুক্তরাষ্ট্র ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বাগদাদ বিমানবন্দরে ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলেমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। ইরান ইতোমধ্যে ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন,দেশের স্বার্থ আক্রান্ত হলে, ইরানে হামলার জন্য ৫২টি জায়গা তিনি বাছাই করে রেখেছেন। এর মধ্যে ইরাকেও বেড়েছে অস্থিরতা। ইরানের সমর্থনপুষ্ট ইরাকি মিলিয়াশিয়া দলগুলোর অবস্থানে কয়েক দফা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।



