বিশ্ববাংলা
পাকিস্তানী চালকের গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় কাজী মুহাম্মদ নুরুজ্জামান লিটন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
জানা যায়, শারজাহর বিএম ডব্লিউ ইউনিয়ন মলের কাছে গাড়ি পার্ক করে রাস্তা পার হওয়ার সময়, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিক-আপের ধাক্কায় গুরুতর আহত হলে, স্থানীয় আল কাসেমী হাসপাতালে নেয়ার পর, চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিটন।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান, চিকিৎসকরা। পরে পুলিশ দুর্ঘটনার জন্য দায়ি গাড়ি ও পাকিস্তানী চালককে আটক করেছে। নিহত লিটনের বাড়ী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফরহাদাবাদ ইউনিয়নে।
তার পিতার নাম আবুল বশর। বর্তমানে মরদেহ আল কাসেমী হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলে জানায় সংশ্লিষ্টরা।



