প্রধানমন্ত্রীবাংলাদেশ

‘যে কোনো পোস্ট শেয়ার করার আগে ভাবুন’

তথ্য যাচাই না করে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকতে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, যে কোনো পোস্ট শেয়ার করতে গেলে আগে খোঁজ নিয়ে দেখতে হবে তা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। এ বিষয়টা বিশেষভাবে নজর দিতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যেকোনো পোস্ট বা যেকোনো কিছু শেয়ার করা বা ইন্টারনেটে কোনো কিছু দেখলেই সেটা যাচাই না করে শুধু মাত্র গুজবে কান দিয়ে বা কৌতূহলবশত সেগুলোতে না প্রবেশ করাটাই ভালো।

গুজবে কান না দেওয়ার অনুরোধ করে শেখ হাসিনা বলেন, কারো বিরুদ্ধে কিছু বলতে গেলে এমনভাবে একটা কিছু তৈরি করে ছেড়ে দেয় ওটা দেখলে যেকোনো মানুষের ক্ষতি হয়। পরে দেখা যায় ওটা সম্পূর্ণ ভুয়া।

এসময়, অনুষ্ঠানে সাইবার ক্রাইম বিষয়ে বাবা-মা, অভিভাবক-শিক্ষকসহ সবাইকে সচেতন থাকার পরামর্শও দেন সরকার প্রধান।

সংশ্লিষ্ট খবর

Back to top button