নবীনগরে সেতুর পাইলিং কাজে অনিয়মের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মনতলা-সিতারামপুর ঘাটে তিতাস নদীর ওপর নির্মাণাধীন সেতুর পাইলিং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যাদেশ অনুযায়ী কাজ করা হচ্ছেনা বলেও জানান স্থানীয়রা। সঠিক নজরদারির মাধ্যমে কাজের মান ঠিক রেখে,এ ব্রিজটির কাজ বাস্তবায়নের দাবী উপজেলাবাসীর।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-আশুগঞ্জ সড়কের নবীনগর মনতলা ও সিতারামপুর ঘাটে তিতাস নদীর ওপর প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে ৫৫৮ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের সেতুটি, ১২টি স্পেনের ওপর নির্মাণ হবে। সেতু নির্মাণের দায়িত্ব পান ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্স ।
গত বছরের নভেম্বরে সেতুটির পাইলিং কাজ শুরু হয়। আগামী ২৪ মাসের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে, পাইলিং এর কাজে এক বস্তা সিমেন্টের সাথে ৫ থেকে ৬ টি পাথর দেয়ার কথা থাকলেও, দেয়া হচ্ছে ১২ থেকে ১৫টি। এছাড়াও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে বলে অভিযোগ, এলাকাবাসীর।
তবে সাইড ইঞ্জিনিয়ার মিলন সরকার বলছেন, ভিন্ন কথা। এদিকে, নিম্নমানের কাজ সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়ার কথা জানালেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।
নিম্নমানের কাজ প্রত্যাশা নয় জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, বিষয়টি জেলা মাসিক সভায় উত্থাপন করা হবে।
সঠিক নজরদারীর মাধ্যমে লাখো মানুষের স্বপ্নের সেতুটির কাজ বাস্তবায়ন করা হবে এমন প্রত্যাশা উপজেলাবাসীর।
পিয়াল হাসান, নবীনগর প্রতিনিধি



