
ভোটের মাধ্যমে যদি ফলাফল নির্ধারিত হয়, অবশ্যই সে ফলাফল পরাজিত হলেও আমরা মেনে নেব। তবে ভোট ডাকাতি বা অন্য কোনো উপায় যদি অবলম্বন করা হয়, তবে তা মানার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন, চট্টগ্রাম- ৮ আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে নির্বাচন কেন্দ্র পরিদর্শনে এসে অভিযোগ করে তিনি বলেন, দলীয় এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। এছাড়া বহিরাগতরা ভোট কেন্দ্রের চার দিকে অবস্থান নিয়েছে। ভোটার এবং এজেন্টদের কেন্দ্রে আসতে বাধা দেয়া হচ্ছে।
অন্যদিকে হারের ভয়ে বিএনপি টালবাহানা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী মোসলেম উদ্দীন।
এর আগে, সোমবার সকাল নয়টা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। ৮ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ছয় জন প্রার্থী। এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে দক্ষিণ জেলা আত্তয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীনের সঙ্গে বিএনপির আবু সুফিয়ানের। জাসদের একাংশের কার্যকরী সভাপতি মাঈনুদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
এ আসনের মোট ভোটার সংখ্যা চার লাখ ৭৫ হাজার ৯১৬ জন। এর মধ্যে মহানগরের পাঁচ ওয়ার্ডে রয়েছে সর্বাধিক ৩ লাখ ১১ হাজার ৮৬ ভোটার। এবারের নির্বাচনে তরুণ ভোটার রয়েছে প্রায় দেড় লাখ। ১৭০টি ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।



