
ঢাবি ভিসির বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ‘রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর জীবনে এক চরম অভিজ্ঞতা হয়েছ ‘ বলে তিনি মন্তব্য করেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে চরম সমালোচনার ঝড়।
ভিডিওতে দেখা যায় ঢাবি ভিসি বলছেন, ‘মেয়েটিকে সেদিন যেভাবে দেখে গিয়েছিলাম, তার চেয়ে অনেক ভালো। আমি ছোট একটা গল্প বললাম তাকে। জীবনে আরেকটা অভিজ্ঞতা, যে এই ১৯ বছর বয়সে ওর পাশবিক একটা বিরাট কঠিন কঠিনতম চরম একটা অভিজ্ঞতা ওর হলো।’
এর আগে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ঢাবি ক্যাম্পাস যখন উত্তাল তখন (৭ জাুনয়ারি) বঙ্গবন্ধু টিচার্স ক্রিকেট লিগের উদ্বোধন করেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি। বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের মধ্যে উপাচার্যের ক্রিকেট লিগ উদ্বোধনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
উল্লেখ্য ৫ জানুয়ারি সন্ধ্যায় বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছে গলফ ক্লাব সীমানার শেষ প্রান্তে ঝোপের মধ্যে ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। এ ঘটনায় মজনু নামের এক ‘সিরিয়াল রেপিস্টকে’ গ্রেফতার করে র্যাব।



