
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জাতীয় পার্টির সাবেক নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ডের রায় বহাল রয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার সকালে এই রায় ঘোষণা করেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে কায়সারকে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠন ও ধর্ষণসহ মোট ১৬টি অভিযোগ আনা হয়।
এর মধ্যে ১৪টি অভিযোগই ট্রাইব্যুনালের রায়ে প্রমাণিত হয়েছে। পরে ২০১৫ সালের ১৯ জানিুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় খালাস চেয়ে রায়ের বিরুদ্ধে আপিল করেন কায়সার। আপিলে ট্রাইব্যুনালের রায় বাতিলের পাশাপাশি তাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানানো হয়।
আপিলের ওপর শুনানি শেষে গেল ৩ ডিসেম্বর আপিল বিভাগ রায়ের জন্য ১৪ জানুয়ারি দিন ঠিক করেছিলেন।



