নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যাচ্ছে কেরালা

সংশোধিত নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যাচ্ছে ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালা। কেরালার রাজ্য সরকারের বরাত দিয়ে আজ এ সংবাদ জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
এর মধ্য দিয়ে ডিসেম্বরে সংশোধিত নাগরিকত্ব আইন ভারতীয় সংসদে অনুমোদনের পর প্রথম কোনো রাজ্য এ আইনকে চ্যালেঞ্জ করে ভারতীয় সুপ্রিমকোর্টে পিটিশন দাখিল করেছে। অবশ্য এর আগে সুপ্রিমকোর্টে এ আইনকে চ্যালেঞ্জ করে ৬০টির বেশি পিটিশন দাখিল করা হয়।
কেরালার বাম শাসিত রাজ্য সরকার তাদের পিটিশনে জানায়, সংশোধিত নাগরিক আইন ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারার লঙ্ঘন এবং একইসঙ্গে সংবিধানের ভিত্তি ‘ধর্মনিরপেক্ষতা’ মৌলিক নীতির বিরোধী।
গত ১২ ডিসেম্বর ভারতীয় লোকসভায় পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন অনুয়ায়ী, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈনসহ অমুসলিম অভিবাসীরা ভারতের নাগরিকত্ব পাওয়ার সুযোগ আছে।



