টাকার বিনিময়ে সরকারি বই দেয়ার অভিযোগ

নেত্রকোনায় টাকার বিনিময়ে সরকারি বিনামূল্যের বই দেয়ার অভিযোগ ওঠেছে স্থানীয় গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। আগ্রহ নিয়ে বিদ্যালয়ে নতুন বই আনতে গিয়ে বই না পেয়ে হতাশ হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থী-অভিভাবকদের এমন অভিযোগ নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে।
সারাদেশের মতো নেত্রকোনাতেও সরকার প্রদত্ত বিনামূল্যের নতুন বই বিতরণ উৎসব শুরু হয়। কিন্তু বিভিন্ন অজুহাতে জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে টাকার বিনিময়ে শিক্ষার্থীদের বই দেয়ার অভিযোগ ওঠেছে। আর্থিকভাবে মোটামুটি সচ্ছল যারা কেবল তারাই পেয়েছে নতুন বই। তবে সেটাও উল্লেখযোগ্য কোনো সংখ্যা নয়।
বছরের প্রথম দিন শিক্ষার্থীরা বিপুল উৎসাহ নিয়ে বিদ্যালয়ে নতুন বই আনতে গেলে তাদের শিক্ষকরা পরিষ্কারভাবে জানিয়ে দেন ৮শ টাকা ছাড়া কোন বই দেয়া হবে না। নির্ধারিত টাকা দিলে তবেই মিলবে সরকারের দেয়া বিনামূল্যের বই। পরে বেশীরভাগ শিক্ষার্থী টাকা দিতে না পারায় খালি হাতে বাড়ি ফিরেছে।
তবে, নতুন বই দেয়ার ৮শ টাকার রশিদ নিয়ে কথা বলতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কথা বলতে রাজী হননি।
এদিকে, গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের সময় টাকা নেয়ার অভিযোগ এসেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান।
সরকারী বই নিয়ে এ ধরনের অনৈতিক কর্মকান্ডে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।
মনি চন্দ্র দাস, নেত্রকোণা প্রতিনিধি



