রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পছন্দে সায় জানিয়ে মিখাইল মিশুস্তিনকে নতুন প্রধানমন্ত্রী পদে অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট।
বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ৪২৪ সদস্যের মধ্যে ৩৮৩ জনই তাকে সমর্থন দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিশুস্তিনের বিপক্ষে কেউ ভোট দেয়নি; ৪১ জন ভোটদানে বিরত ছিলেন।
বুধবার বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়নের’ ভাষণে পুতিন গণভোটের মাধ্যমে সংবিধানে বড় ধরনের সংশোধনী আনার প্রস্তাব দেন। তার প্রস্তাবে প্রেসিডেন্টের অনেক ক্ষমতা পার্লামেন্টের কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে, জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
পুতিনের এ আচমকা সংবিধান সংশোধনের প্রস্তাব ও প্রধানমন্ত্রী পরিবর্তনকে ‘জানুয়ারি বিপ্লব’ হিসেবে অভিহিত করেছে রুশ দৈনিক কোমারসান্ত। পুতিনের ভাষণের পরপরই প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পদত্যাগ করেন।



