মালয়েশিয়ায় ১১৩৭ বাংলাদেশি পেলেন বকেয়া বেতন

মালয়েশিয়ার ডাব্লিউ আরপি কোম্পানির কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করতে শুরু করেছে, দেশটির কর্তৃপক্ষ। ইতোমধ্যে পাওনা টাকা পেয়েছেন ১১৩৭ প্রবাসী বাংলাদেশি।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার বৃহত্তর এই কোম্পানিকে দেশটির হাইকোর্ট দেউলিয়া ঘোষণা করে, লিকুইডিটর নিয়োগ করে। ইতোমধ্যে টায়েল পার্টনার্স নামের একটি কোম্পানি ২২ মিলিয়ন রিংগিত বিনিয়োগ করে, ডাব্লিউ আরপি গ্রুপের দায়িত্ব গ্রহণ করেছে।
কোম্পানিটিতে নতুন প্রধান নির্বাহী নিয়োগও দেয়া হয়েছে। গত বছরের শুরুতে ২ হাজার নেপালী কর্মী বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট করলে, বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। মালয়েশিয়ার লেবার ডিপার্টমেন্ট সরেজমিন তদন্ত করে, সময়মত বেতন না দেয়া, বেতন আটকে রাখা, ওভার টাইম না দেয়াসহ বিভিন্ন সমস্যা দেখতে পায়।
এরপর কোম্পানি কর্মীদের বকেয়া বেতন দেয় এবং সমস্যা সমাধানের আশ্বাস দেয়। মালয়েশিয়ার মানবাধিকারসহ, শ্রম ও অভিবাসন বিষয়ক সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড ডিপার্টমেন্টকে, সমস্যা সম্পর্কে জানালে, আমেরিকার বর্ডার অ্যান্ড কাস্টমস কন্ট্রোল কর্তৃপক্ষ কোম্পানির উৎপাদিত গ্লোভ আমদানীতে নিষেধাজ্ঞা আরোপ করে।
এমন পরিস্থিতিতে বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে, বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্টরা লিকুইডেটরদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে, বাংলাদেশিসহ সকল বিদেশী কর্মীদের কল্যাণকে গুরুত্ব দিয়ে আইনগতভাবে সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়।



