বিশ্ববাংলা
আবারো দেশে ফিরলেন ১০৯ জন বাংলাদেশি শ্রমিক

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে আরও ১০৯ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার, সৌদি এয়ারলাইনসের এসভি ৮০৪ উড়োজাহাজে করে তাঁরা দেশে ফেরেন। প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে তাঁদের জরুরি সহায়তা দেওয়া হয়।
দেশে ফেরা কর্মীদের অভিযোগ, আকামা তৈরির জন্য চাকরিতে নিয়োগদাতা কফিলকে তাঁরা টাকা দিয়েছিলেন। কিন্তু কফিল আকামা তৈরি করে দেননি। গ্রেপ্তারের পর তাঁদের অনেকেই কফিলের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু কফিল কারও দায়িত্ব নেয়নি।
জানা যায়, ২০১৯ সালে ২৫ হাজার ৭৮৯ জন বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। যাঁরা ফিরে এসেছেন তাঁদের সবার অবস্থা প্রায় একই রকম। সবাই খালি হাতে ফিরেছেন।
তাঁরা সবাই এখন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১৬ দিনে এক হাজার ৬১০ জন বাংলাদেশি দেশে ফিরলেন।



