প্রত্যাবাসন সংক্রান্ত তথ্য জানাবে জেদ্দা কনস্যুলেট

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পর এবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস জেদ্দা থেকেও পাওয়া যাবে সৌদি সরকার ঘোষিত বিশেষ প্রত্যাবাসন কর্মসূচি সংক্রান্ত যাবতীয় সহযোগিতা।
শুক্র-শনি এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেদ্দার নাজলা এলাকার কনস্যুলেট অফিস থেকে প্রবাসী বাংলাদেশিরা এই সেবা নিতে পারবেন। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার শ্রম কল্যাণ উইং।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা কোম্পানি বা মুয়াসসাসাতে কাজ করে কিন্তু আকামার মেয়াদোত্তীর্ণ,কোন মামলা/জরিমানা/গাড়ি নেই, শুধুমাত্র তারাই তাদের পাসপোর্ট, আকামা না থাকলে পাসপোর্টে ভিসার পাতার হুদুদ নাম্বারসহ, দুই সেট কপি সঙ্গে আনবেন।
যাদের আকামা মেয়াদোত্তীর্ণ এবং হুরুব, নিজের নামে গাড়ি, ট্র্যাফিক জরিমানা, কোন ধরনের মামলা নেই, এমন বাংলাদেশিরা কোনো ধরনের জেল জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়তে পারবেন এবং এ সেবা নিয়ে দেশে ফিরে আবার সৌদি আরব যেতে পারবেন।
গৃহকর্মী, নিয়োগকর্তার ব্যক্তিগত গাড়িচালক, বাসার কেয়ারটেকার এই সুবিধা নিতে পারবেন না। এই সেবা নেয়া প্রবাসীদের সঙ্গে স্ত্রী-সন্তান থাকলে তাদের আকামার ফি ওই প্রবাসীকে পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে বিভিন্ন কোম্পানি এবং নামকরা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বা আছেন কিন্তু ইকামা বা রেসিডেন্ট পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে এবং নিয়োগদাতা প্রতিষ্ঠান সেটি নবায়ন করে দিচ্ছেনা,এমন বাংলাদেশিরা কোন ধরনের জেল জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন।
দেশে ফেরত যেতে আগ্রহীদের আবেদন গ্রহণ করে সেটি সংশ্লিষ্ট লেবার অফিসে জমা দিবে কনস্যুলেট। লেবার অফিস ছাড়পত্র দিলেই তারা ১৫দিনের মধ্যে বিমানের টিকিট কিনে দেশে যেতে পারবেন।
সাইফুল রাজীব, জেদ্দা প্রতিনিধি



