
২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে না। এর পরিবর্তে আগামী ৩ ফেব্রুয়ারি (সোমবার) পরীক্ষা শুরু হবে। শনিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষায় ৩ হাজার ৫১২ কেন্দ্রে মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী এবার অংশ নেবে। এর মধ্যে এসএসসিতে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন, দাখিলে ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন ও এসএসসি ভোকেশনালে ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন পরীক্ষায় অংশ নেবে।
এ বছর বিদেশের ৮টি কেন্দ্র থেকে মোট ৩৪২ জন শিক্ষার্থী অংশ নেবে। গত বছরের তুলনায় এ বছর এসএসসি ও সমমানে শিক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন।
এছাড়া, এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র ও ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, আগামী ৩০ জানুয়ারি পূজার মধ্যে ভোটের তারিখ নিয়ে ব্তির্কের মুখে জরুরি বৈঠকে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
বিকেল ৪টায় রাজধানীর শের-ই বাংলা নগরের নির্বাচন ভবনে এক অনির্ধারিত বৈঠক বসেন ইসি। সেখানে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।



