
১৯ বছর আগে রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সমাবেশে বোমা হামলা মামলার রায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুই জনকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম সকালে এ রায় ঘোষণা করেন। গত ১ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য আজকের এ দিন নির্ধারণ করেন আদালত। এ মামলায় মোট ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মুফতি মঈন উদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, জাহাঙ্গীর আলম বদর, মহিবুল মুত্তাকিন, আমিনুল মুরসালিন, নূর ইসলাম, মুফতি আব্দুল হাই ও মুফতি শফিকুর রহমান। আর খালাসপ্রাপ্ত দুই জন হলেন, মো. মশিউর রহমান ও রফিকুল ইসলাম মিরাজ।
এর আগে সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে কারাগারে থাকা চার আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর আদালতের এজলাসে সকাল সাড়ে ১০টায় তাদের হাজির করা হয়।



