পৌষ সংক্রান্তিতে আগৈলঝাড়ায় মার্বেল মেলা

পৌষ সংক্রান্তি উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে মার্বেল মেলা। নারী-পুরুষ, যুবক-যুবতি ও বয়স্করা, সবাই মেতে ওঠে মার্বেল খেলায়। নেই কোনও বয়সের বাঁধা। উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে, ২৫০ বছর ধরে সনাতন ধর্মাবলম্বীদের নবান্নের আয়োজনের মাধ্যমে মার্বেল মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পৌষ সংক্রান্তি উৎসবের মূল আকর্ষন হলো মার্বেল খেলা। এ বছরও এই মিলন মেলায় ঢল নামে সব বয়সী মানুষের। শুধু আগৈলঝাড়া উপজেলা নয়, পার্শ্ববর্তী কোটালীপাড়া, উজিরপুর, মাদারীপুরসহ বিভিন্ন জেলা ও উপজেলার হাজার হাজার নারী-পুরুষ এ খেলায় অংশ নেন।
প্রতিবছর পৌষ সংক্রান্তি উৎসবে আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ করে পিঠা পায়েস খাওয়ানোর পাশাপাশি, মার্বেল খেলার মাধ্যমে আনন্দগুলো ভাগাভাগি করে নেয় গ্রামবাসী। মেলায় গান-বাজনার পাশাপাশি বাঁশ-বেত, মনিহারী, খেলনা, মিষ্টিসহ হরেক রকমের পসরা সাঁজিয়ে বসেন, দোকানীরা।মেলাকে ঘিরে আইন শৃখংলা বাহিনীর পক্ষ থেকেও নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
পৌষ সংক্রান্তির বিভিন্ন দিক তুলে ধরে আগামীতেও এ উৎসবের আয়োজন অব্যাহত থাকবে বলে জানায়, আয়োজক কমিটি। প্রায় ২৫০ বছর আগে সোনাই চাঁদ ৭ বছর বয়সে স্বামী হারালে, শ্বশুরবাড়িতে নিমগাছের গোড়ায় শিবের আরাধনা ও পূজা-অর্চনা শুরু করেন।
পরে সেখানে বার্ষিক পূজার আয়োজন করা হয়। তার জীবদ্দশায় আনুমানিক ১৭৮০ সাল থেকে শুরু করে এ পরযন্ত প্রতিবছর পৌষ সংক্রান্তির দিনে নবান্নের আয়োজনের মাধ্যমে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
এফ এম নাজমুল রিপন, বরিশাল



