
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত। এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস আজ এই তারিখ নির্ধারণ করেন।
মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু জানান, মামলার অভিযোগ গঠনের পর বিচার কাজ দ্রুত করার জন্য ঢাকার কোনো একটি দ্রুত বিচার ট্র্যাইব্যুনালে মামলাটি পাঠানোর সম্ভাবনা রয়েছে। অভিযোগপত্র আমলে নেওয়ার দিন নির্ধারিত থাকায় কারাগারে থাকা ২২ আসামিকে এ দিন আদালতে হাজির করা হয়।
বাকি তিনজন এখনও পলাতক। বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।



