আইসিজে’র আদেশ প্রত্যাখ্যান করেছে মিয়ানমার

রোহিঙ্গা গণহত্যায় গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)’র আদেশ প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। আইসিজের অন্তবর্তী আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই আদেশ পরিস্থিতির বিকৃত চিত্র তুলে ধরেছে।
মিয়ানমারের গঠিত ইনডিপেনডেন্ট কমিশন অব ইনকোয়ারি (আইসিওই) রাখাইনে কোনো ধরনের গণহত্যার আলামত খুঁজে পায়নি বলেও দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে, রাখাইনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির স্বাধীন কমিশন। এ সময়, মানবাধিকার সংগঠনেগুলোর সমালোচনা করে মিয়ানমার জানায়, মানবাধিকার সংগঠনের নিন্দার কারণে কয়েকটি দেশের সঙ্গে মিয়ানমারের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এমনকি, এতে রাখাইনের উন্নয়নও বাধাগ্রস্ত হচ্ছে। বৃহস্পতিবার রোহিঙ্গাদের গণহত্যা থেকে সুরক্ষা দিতে মিয়ানমারের প্রতি চার দফা অন্তর্বর্তী ব্যবস্থার নির্দেশ দেয় আইসিজে।



