‘চীনে অবস্থানকারী বাংলাদেশিদের ফেরত আনা হবে’

চীনে অবস্থানকারী বাংলাদেশিদের মধ্যে করোনা ভাইরাসের আতঙ্কে যারা রয়েছেন তারা চাইলে ফেরত আসতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন বলে এক ফেসবুক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, চীনে থাকা বাংলাদেশীদের যে কেউ দেশে ফিরে আসতে চাইলে তাদের সবধরণের সহযোগিতা করা হবে।
এ ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উনাই শহরে চার শতাধিক বাংলাদেশি আছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘কি প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে। দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য।’
এই বিষয়ে আজ দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রণয়ন বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।



