
করোনাভাইরাস সম্পর্কে সতর্ক থাকতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এক অনির্ধারিত আলোচনায়, প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। শিশু দিবাযত্ন কেন্দ্র আইন-২০২০ এর খসড়ায়, মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়।
একই সঙ্গে শিশু দিবাযত্ন কেন্দ্র আইন-২০২০ এর খসড়ায়ও অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, শাস্তির বিধান রেখে শিশু দিবাযত্ন কেন্দ্র আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
করোনাভাইরাস সম্পর্কে সতর্ক থাকতে এবং এর সংক্রমণ রোধে ব্যবস্থা নিতে, প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন বলেও জানান, তিনি। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা নিশ্চিতে, আগাম প্রস্তুতি হিসেবে সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে আইসোলেশন ইউনিট খোলার নির্দেশনা জারির কথাও জানান, সচিব।
হাকিম মোড়ল, বাংলা টিভি



