শর্ত পুরণে উন্মুক্ত হবে আরব আমিরাতে বন্ধ থাকা শ্রমবাজার

সংযুক্ত আরব আমিরাতে বিগত ৮ বছর ধরে বন্ধ থাকা শ্রমবাজার উন্মুক্ত করতে বাংলাদেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পুরণ করলে, দেশটিতে ভিসা প্রক্রিয়া সহজ হবে বলে মনে করেন, আমিরাতের স্থানীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
তাদের অর্থায়নে আমিরাতে কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন কর্মীদের স্থানীয় আইন কানুন সতর্ককরণ, দেশ থেকে স্বল্পখরচে কর্মী নিয়োগ এবং তাদের বেতন ভাতা নিশ্চিত করাসহ কয়েকটি শর্ত পূরণ করা গেলে, বন্ধ ভিসার দ্বার উম্মুক্ত হবে বলে জানিয়েছেন তারা।
নিজ কার্যালয়ে স্থানীয় আরব উদ্যোক্তাদের আয়োজনে, সংযুক্ত আরব আমিরাতের জিসিসি সেন্টার, তাফহিম সার্ভিস সেন্টার ও বাংলাদেশের ওয়েলফেয়ার সেন্টার নামে সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে, নানা সেবা প্রদানের আশ্বাস দেন দেশটির জিসিসি সেন্টারের চেয়ারম্যান শেখ মোহাম্মদ বিন রাশেদ আল-মুয়াল্লাহ ও তাফহিম সার্ভিস সেন্টারের চেয়ারম্যান শেখ সাকার বিন মোহাম্মদ বিন হুমাইদ আল-নুয়াইমী।
এছাড়া, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আমিরাতে দেশের ভিসা জটিলতা নিরসনে সহযোগিতা করে, যে কোন সমস্যা সমাধানে কাজ করারও আশ্বাসও দেন তারা।
সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সুসম্পর্ককে আরো সু-দৃঢ় করতে, দেশ থেকে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী প্রেরণের বিকল্প নেই বলে মনে করেন, তাফহিম সার্ভিস সেন্টারের পরিচালক। কর্মী যে দেশে যেতে ইচ্ছুক, যাওয়ার আগে দেশটির নিয়ম-কানুন ও শ্রমিকের অধিকার সম্পর্কে সচেতন হওয়া জরুরী বলে মনে করা হচ্ছে।
চলতি বছর অক্টোবর থেকে আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত এক্সপো ২০২০। এক্সপোকে ঘিরে বিশ্বের নানা দেশ থেকে বিনিয়োগকারী আরব আমিরাতে বিনিয়োগ করবেন। বিভিন্ন বিষয় দ্রুত বাস্তবায়ন করা গেলে দেশটিতে বাংলাদেশের বন্ধ শ্রমবাজার উন্মুক্ত হতে পারে বলে দাবি, এই কর্মকর্তার।
বিদেশে কর্মী যাওয়ার আগে তাদের স্থানীয় আইন, থাকা, খাওয়া ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিসহ, অভিবাসী ব্যয় কমিয়ে, তাদের মৌলিক চাহিদা পূরণে সচেষ্ট থাকলে, আমিরাতে বন্ধ শ্রমবাজার উন্মুক্ত হতে পারে বলে মনে করেন, প্রবাসীসহ সংশ্লিষ্টরা।
এম আবদুল মান্নান, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি



