চীনে মৃতের সংখ্যা এক’শো ছাড়ালো

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক’শো ছাড়ালো। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২শ’ ৯১ জন। বেইজিং কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এ পর্যন্ত এ রোগে ১০৬ জন মারা গেছেন। মঙ্গলবার সকালে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানায়, দেশজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়েছে।
চীনা কর্তৃপক্ষ নিয়মিত ভাইরাস আক্রান্তের তথ্য প্রকাশ করলেও অভিযোগ উঠেছে, প্রকৃত সংখ্যা নিয়ে তথ্য গোপন করছে বেইজিং। সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে উহান শহরের এক চিকিৎসাকর্মী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের বেশি বলে দাবি করেন।
অবশ্য, চীনা কর্তৃপক্ষে এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া দেয়নি। এদিকে, হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া এ ভাইরাস ইতোমধ্যে রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে।
এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১২টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।



