দেশবাংলা

মৌলভীবাজারে আগুনে পুড়ে একই পরিবারের নিহত ৫

মৌলভীবাজারে জুতার দোকান থেকে ছড়িয়ে পড়া আগুনে একই পরিবারের পাঁচ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেড় ঘণ্টা চেষ্টার পর দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় ৫ জনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন, পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), তার মেয়ে প্রিয়া রায় (১৯), ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), শ্যালকের বউ দিপা রায় (৩৫) ও দিপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দোতলা ভবনের ওপরের তলায় বাসা ও নিচে জুতার দোকান। সকালে প্রথমে দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন পরে জুতোর দোকানসহ আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দোতলার বাসা থেকে পাঁচজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়। গত সপ্তাহে এই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান থাকায় অনেক অতিথি ছিলেন বলেও জানা যায়।

জেলা প্রশাসক নাজিয়া শিরিন ও পুলিশ সুপার ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button