
৪ হাজার ৩২৪ কোটি ৬১ লাখ টাকা ব্যায়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার সকালে রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় তিনি জানান, সভায় অনুমোদিত ৯টি প্রকল্পের মধ্যে ৮টি নতুন ও একটি সংশোধিত প্রকল্প।
প্রকল্পের মোট ব্যায়ের সরকারি অর্থায়ন হবে ৪ হাজার ২৪৯ কোটি ৯লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫ কোটি ৬৮ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৬৯ কোটি ৮৪ লাখ টাকা। সভায় মন্ত্রিপরিষদের সদস্য, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হলো রংপুর সিটি করপোরেশনের জন্য যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়, রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ, ভান্ডাল জুরি পানি সরবরাহ, মংলা বন্দর চ্যানেলের ইআর বারে ড্রেজিং, নারায়ণগঞ্জ লিংক সড়ক ৬ লেনে উন্নীতকরণ, পিপিপির ভিত্তিতে হাতিরঝিল-রামপুরা সেতু-বনশ্রী-শেখের জায়গা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ।



