প্রধানমন্ত্রীবাংলাদেশ

‘২০২৪ সাল নাগাদ উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা পাবে বাংলাদেশ’

উন্নয়ন কর্মকাণ্ড অব্যহত থাকলে, বাংলাদেশ ২০২৪ সাল নাগাদ উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা পাবে বলে আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের সে অগ্রযাত্রায়, উন্নয়ন সহযোগীদের শর্ত আরোপ না করে নিরঙ্কুশভাবে পাশে থাকার আহ্বান জানান তিনি।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে তাঁর সরকার। এজন্য টেকসই উন্নয়নে গুরুত্ব দেন শেখ হাসিনা। তিনি বলেন, সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করে প্রতিটি নাগরিকে জীবন অর্থবহ করে তুলতে হবে।

উন্নয়নের ধারা চলমান থাকলে, ২০২৪ সাল নাগাদ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদায় পৌছাবে। আর ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে অবস্থান করে নেয়া সম্ভব হবে, বলেও আশাবাদ ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা।

দুর্যোগে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনকে সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে, জলবায়ু পরিবর্তনে ক্ষতির ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহযোগিতা করতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button