ময়লার স্তূপে ব্যাগ ভর্তি বাংলাদেশি পাসপোর্ট

মালয়েশিয়ার কুয়ালালামপুরের দামানসারার এমপিআর সিটি মলের রেস্টুরেন্টের পাশে ময়লার স্তূপে ব্যাগ ভর্তি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে।
শরিফুল আলম নামে এক বাংলাদেশি গোপন সংবাদের ভিত্তিতে ময়লার স্তূপ থেকে একটি ব্যাগ উদ্ধার করেন। এসময় ব্যাগের ভেতর ৮৮ টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। পাসপোর্টগুলো বাংলাদেশ হাইকমিশনে নিয়ে যাওয়ার পর, প্রথমে সেগুলো নিতে বিভিন্ন রকম অযুহাত দেখানো হয়। পরে একটি লিখিত আবেদনের মাধ্যমে পাসপোর্টগুলো জমা নেন তারা।
এগুলোতে কোন ভিসা পাওয়া না গেলেও বিগত দিনে মালয়েশিয়ায় সরকারের দেওয়া বৈধ প্রকল্পের মাধ্যমে রেজিস্ট্রেশনের কাগজপত্র এবং মালয়েশিয়া অভিবাসন বিভাগের কাগজপত্র ছিলো। পাসপোর্ট এর উপর লাগানো এবং সাথে থাকা মাইজি কাগজ অনুযায়ী ক্রিস ভি গ্লোবাল এসডিএন বিএইচ ডি এবং ক্রিস-ভি রিসোর্স এসডিএন বিএইচডিএন কোম্পানির নাম উল্লেখ আছে।
স্থানীয় একজন নাগরিক রেস্টুরেন্টের ময়লা ফেলার নির্দিষ্ট একটি ড্রামে, ব্যাগভর্তি কিছু ফেলে যাওয়ার সময় একজন বাংলাদেশী তা দেখতে পান। পরে তিনি গণমাধ্যমকে অবগত করেন।
এ ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর মোঃ মশিউর রহমান তালুকদার জানিয়েছে, এ ঘটনায় আইনগতভাবে তার যথাযথ ব্যবস্থা নেয়া হবে এবং এর মধ্যে যাদের পাসপোর্ট আছে প্রমান সাপেক্ষে তারা তা নিতে সংগ্রহ করতে পারবেন।



