মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০৫ আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০৫ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। তাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি ছাড়াও, ৬ জন শিশু রয়েছে।
রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় অনেক বৈধ শ্রমিকদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ১৬ জন, ইন্দোনেশিয়ান ১৫০ জন, থাইল্যান্ড ৩৩ জন,ভারতীয় ২ জন ও ১ জন লাউস ও ৩ জন ফিলিপিন নাগরিক রয়েছেন।
অভিবাসন বিভাগ সূত্রে জানা যায়,গ্রেফতারকৃতদের কাছে মালয়েশিয়ার বৈধ কোনো কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। এদিকে, দেশটিতে গত বছরের আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ অভিবাসীদের নিজ দেশে প্রত্যাবর্তন করতে ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির ঘোষণা দিয়েছিল মালয়েশিয়া সরকার।
অবৈধ অভিবাসীদের দেশে ফেরার মেয়াদ শেষ হওয়ার পরও, এখনো যেসব অভিবাসী অবৈধভাবে মালয়েশিয়ায় রয়েছেন, তাদের আটক করতেই এ অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন অধিদপ্তর ও পুলিশ।



