‘জিয়া, এরশাদ কিংবা খালেদা কারো জন্মই এদেশের মাটিতে হয়নি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া তাদের কারও জন্মই এদেশের মাটিতে হয়নি, তাই বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে আন্তরিক ছিলেন না তারা। মঙ্গলবার রাতে ইতালির রোমের ‘পারকো প্রিনসিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা’তে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
এসময় দেশের ভাবমূর্তি যেন ক্ষুন্ণ না হয় সে বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকারও আহ্বান জানান শেখ হাসিনা। এসময় তুলে ধরেন প্রবাসীদের জন্য নানা সরকারের নানা উদ্যেগের কথাও।
রোমের ‘পারকো প্রিনসিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা’তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনার আয়োজন করে আওয়ামী লীগের ইতালি শাখা। এতে যোগ দিয়ে দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, প্রত্যেক উপজেলা থেকে কমপক্ষে এক হাজার লোককে বিদেশে পাঠাবে সরকার।
শেখ হাসিনা আরো বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায়ই বাংলাদেশ যে কোনও দেশের সঙ্গে প্রতিযোগিতা করে সামনে এগিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করেছে। ৭৫ পরবর্তী যাঁরা ক্ষমতায় এসেছেন, তাঁরা কখনোই দেশের উন্নয়নের কথা ভাবেননি।
এর আগে ইতালির প্রধাপনমন্ত্রী গুইসেপ কন্তের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার বিকেলে রোমে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।



