চীনে মৃতের সংখ্যা প্রায় ৫শ

সরকারি হিসেবে চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা পাঁচশ’র কাছাকাছি পৌঁছেছে। বুধবার চীনের স্বাস্থ্য কমিশন নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯০ জনে। আর আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৩২৪ জন।
লাখ লাখ মানুষকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে বেইজিং। চীনের সবগুলো প্রদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এমন পরিস্থিতিতে চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে অনেক দেশ। হুবেই প্রদেশের উহান শহর থেকে নিজ নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়া শুরু করেছে তারা।
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, চীনের নেওয়া অভাবনীয় উদ্যোগে সংক্রমণ বন্ধের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। ভাইরাস মোকাবিলায় আরও বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়েছে সংস্থাটি।



