হত্যার পর সেলিমের লাশ পুড়িয়ে দেয়া হয়

বগুড়ায় সেলিম নামে এক যুবককে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত বাবা ও মেয়েকে গ্রেফতার করা হয়।
রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া। তিনি বলেন, রুপালীর স্বামী দেড় বছর যাবত সৌদি আরব থাকে। নিহত সেলিম এবং রুপালীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের দুজনের বিয়ে অন্যত্র হলেও মোবাইলে যোগাযোগ ছিল।
একপর্যায়ে সেলিম রুপালীকে বিয়ের প্রস্তাব দিলে সে নাকচ করে। সেলিম আগে থেকেই তাদের একান্তে মিলিত হওয়ার দৃশ্যগুলি গোপনে ভিডিও করে রাখে। রুপালী সেলিমকে বিয়ে করতে অস্বীকার করলে সেলিম কিছু গোপন ভিডিও রুপালীর স্বামী ইকরামুলের কাছে পাঠায়।
এছাড়া ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। পরে রুপালী ও তার বাবা পরিকল্পনা করে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ৪ ফেব্রুয়ারি সেলিমকে হত্যা করে। মরদেহ যেন কেউ চিনতে না পারে সেজন্য আগুন দিয়ে মুখ পুড়িয়ে ফেলে।
এ ঘটনায় সেলিমের বাবা কফির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



